পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার ‘বায়ো’ পরিবর্তন ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
শনিবার (৯ মে) সকালে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স প্রোফাইলের বায়ো আপডেট করেন। নতুন বায়োতে লেখা হয়েছে— প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভা)।
এর আগে তার বায়োতে ছিল— প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সম্মানিত মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ।
রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শেষ পর্যন্ত ক্ষমতা হারানোর বাস্তবতা মেনে নিয়েছেন।
বিজেপির শপথ অনুষ্ঠানের দিনেই পরিবর্তন
মমতার বায়ো পরিবর্তনের ঘটনা ঘটে ঠিক সেই দিন, যেদিন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেন। গত মাসের নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পায় মাত্র ৮০টি আসন।
‘জনগণের রায় নয়, ষড়যন্ত্র’
নির্বাচনের ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই ফল জনগণের রায় নয়, বরং একটি ষড়যন্ত্রের ফল। তিনি দাবি করেন, ভোট গণনায় বড় ধরনের অনিয়ম হয়েছে এবং প্রায় ১০০টি আসন “ছিনতাই” করা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, আমি কেন পদত্যাগ করব? আমরা হারিনি। জনগণের রায় ছিনতাই করা হয়েছে।
মমতার এই অবস্থানকে বিজেপি “গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী” এবং “নৈরাজ্যকর” বলে মন্তব্য করেছে।
/ইউএমএইচ