দাখিল পরীক্ষার আদলে আসন্ন আলিম পরীক্ষায়ও মাদ্রাসা শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না। যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই এলাকার কেন্দ্রস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। সোমবার (১১ মে) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
সারাদেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কোনো অবস্থাতেই পরীক্ষার্থীরা নিজ মাদ্রাসার কেন্দ্রে অংশ নিতে পারবেন না। তবে ভৌগোলিক অবস্থান ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো কেন্দ্রে নিয়ে পরীক্ষা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট উপজেলায় যদি মাদ্রাসা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তবে সেখানে কেন্দ্র প্রতিস্থাপন করে সব পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। তবে কোনোভাবেই উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না বলে বোর্ড থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
/কহু