প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম
এ উদ্যোগের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম । ছবি : সংগৃহীত২৬তম দেশ হিসেবে হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-এ যুক্ত হয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে এ ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) এ উদ্যোগের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
২০২২ সালে মিসরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে চিলি ও আইসল্যান্ডের নেতৃত্বে যাত্রা শুরু করে এএমআই। হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলার গতি কমানো, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক অঙ্গীকার জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।
বাংলাদেশে উল্লেখযোগ্য হিমবাহ না থাকলেও হিমালয়সহ বিভিন্ন অঞ্চলের বরফ গলা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের ঝুঁকিতে রয়েছে দেশটি। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে বাড়তে পারে নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা। ঝুঁকিতে পড়তে পারে সুপেয় পানির উৎস, সুন্দরবনের জীববৈচিত্র্য এবং কৃষি ও মৎস্যনির্ভর মানুষের জীবিকা।
এ বিষয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হবে।
অন্যদিকে, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অভিযোজনের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সময়ের আলো/এসকে