পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, পঞ্চগড় জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে এসপি মিজানুর রহমানকে। এ আদেশে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মিজানুর রহমান বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশাল জেলায়।
এর আগে, তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণ আচরণের অভিযোগে সরকার তাকে শাস্তি দিয়েছিল। ২০২২ সালের ৩০ অক্টোবর সরকারের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় শাস্তি হিসেবে তার এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল।
তার সহকর্মীদের কেউ কেউ তাকে ‘জুয়ারি মিজান’ ও ‘বিকাশ মিজান’ নামে আখ্যায়িত করেন।
/মহু