ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তেলের বাজার ও এর সরবরাহ ব্যবস্থার মূলে আঘাত হানতে এবার বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। ইরানের তেলের ‘অবৈধ’ চালানের সঙ্গে জড়িত জাহাজ, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে ১৫ মিলিয়ন (দেড় কোটি) মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। খবর আলজাজিরার
গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের পক্ষ থেকে এই বিশাল আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, আপনার কাছে যদি আইআরজিসি-র তেলের চালান, এ কাজে ব্যবহৃত ট্যাঙ্কার, বা এর পেছনে থাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য থাকে, তবে আমাদের জানান। মার্কিন প্রশাসনের দাবি, ইরান এই তেল বিক্রির অর্থ ব্যবহার করে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করছে।
বিবৃতিতে বিশেষভাবে তেলের ট্যাঙ্কার এবং এই তেল স্থানান্তরের সাথে জড়িত মধ্যস্থতাকারীদের চিহ্নিত করার ওপর জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের ওপর কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, বিশেষ করে জ্বালানি খাতের ওপর। তবে তেহরান বিভিন্ন গোপন উপায়ে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ অব্যাহত রেখেছে বলে অভিযোগ ওয়াশিংটনের।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে হামলা-পাল্টা হামলা চলছে, অন্যদিকে চলছে অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ। ট্রাম্প প্রশাসন মনে করছে, ইরানের আয়ের মূল উৎস তেলের বাজার যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়, তবে তেহরানকে আলোচনার টেবিলে আনতে বা সামরিকভাবে দুর্বল করতে সুবিধা হবে।
/কহু