বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কোতোয়ালি থানার ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন মন্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই অনুপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওইদিন তিনি গুলিবিদ্ধ হন। দুদিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে ২০০ জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
আরবিএন