বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মোস্তাফিজুর রহমান মল্লিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
গত ১০ মে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিসের গেটে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান এম এ রশিদ এবং মহাসচিব কে এস হোসেন টমাস এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ প্রতিটি দলিল থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল।
অবৈধ এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোস্তাফিজুর রহমানের ওপর একদল সন্ত্রাসী দলবদ্ধভাবে হামলা চালায়। এ সময় তাকে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
হামলার পর ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান মল্লিক গাইবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
সংগঠনটি বলছে, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে আইনি ও দলিল সংক্রান্ত সেবা দিয়ে আসছেন। একজন পেশাজীবী নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
/এসএকে