ক্ষমতার হাতবদল হলেও দেশের শাসনব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয় না এবং সাধারণ মানুষের ভাগ্য অপরিবর্তিতই থেকে যায় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও ত্রুটিপূর্ণ শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাজা আসে রাজা যায়, কিন্তু দিন বদলায় না; জনগণের অবস্থা একই থাকে।
শনিবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার’ শীর্ষক এক নাগরিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুজন সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, যে বা যারাই শাসনক্ষমতায় আসেন, তারা প্রত্যেকেই পুরোনো শোষণের কাঠামো এবং পুরোনো পথ ধরেই ক্ষমতায় বসেন, যার ফলে জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসে না।
ড. বদিউল আলম মজুমদার তার বক্তব্যে শাসনকাঠামোর আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রীয় কাঠামো টিকে আছে, সেটি পরিবর্তনে ক্ষমতাসীনেরা এক ধরনের চরম অনীহা দেখায়। কিন্তু দেশের সাধারণ মানুষের ভাগ্য ও জীবনযাত্রার প্রকৃত পরিবর্তনের জন্য এই শাসনকাঠামোর মৌলিক ও কাঠামোগত পরিবর্তন করা অত্যন্ত জরুরি।
দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা ও সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে সুজন সম্পাদক বলেন, বারবার যেই সংবিধানের দোহাই দেওয়া হয়, সেই সংবিধানের ধারা অনুযায়ী এই নির্বাচনও হওয়ার কথা ছিল না এবং এভাবে সরকার গঠনও সম্ভব ছিল না। তবে দেশের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানে সংবিধানে অন্য যা-ই লেখা থাকুক না কেন তাতে কিছু যায় আসে না। তিনি উল্লেখ করেন, জনগণ গণভোটের মাধ্যমে যে ঐতিহাসিক মতামত দিয়েছে, রাষ্ট্র পরিচালনায় সেটি অক্ষরে অক্ষরে পালন করা সম্পূর্ণ বাধ্যতামূলক।
দেশের তৃণমূল বা স্থানীয় সরকার ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে সুজন সম্পাদক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্ন করা না হলে এবং নির্বাচন ছাড়াই যদি বছরের পর বছর আমলা বা প্রশাসক দিয়ে এই ব্যবস্থা চালানো হয়, তবে সেটি সরাসরি সংবিধান পরিপন্থি কাজ হবে।
একই সঙ্গে রাজনৈতিক দলীয় সরকারের অধীন জাতীয় নির্বাচন করার ভয়াবহ পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও মানুষের ভোটাধিকার কেমন বিপর্যয়ের মুখে পড়তে পারে, তা আমাদের প্রতিবেশী দেশ ভারতকে দেখে শিক্ষা নেওয়া উচিত।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর হতাশা প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। এই সংকটকালীন সময়ে দেশের নাগরিক সমাজকে কেবল দর্শক না থেকে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখতে হবে, তবেই হয়তো এই সংস্কার করা সম্ভব হবে।
শেষভাগে জুলাই গণআন্দোলনের আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সংহতি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ সফল হোক এবং এ দেশের সাধারণ মানুষ যেই আকাঙ্ক্ষা ও রক্তের বিনিময়ে জুলাই আন্দোলন করেছে, নতুন সংসদের মাধ্যমে সেই গণআকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হোক।
সময়ের আলো/টিএইচ