চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক ঘটনায় দুর্বৃত্তের গুলিতে দুই রিকশাচালক আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাইয়ুম শরিফ (১৯) ও মো. আকিব (২০)। কাইয়ুম চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে। আকিব বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসের ছেলে। তারা দুজনই ব্যাটারিচালিত রিকশা চালাতেন।
আহত আকিবের পরিবার জানায়, তিনি রিকশায় স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাবার পরিবহন করতেন। পরে মালামাল পরিবহনে অপরাগতা প্রকাশ করায় তাকে গুলি করা হয়। আকিবের হাত ও পেটে গুলি লেগেছে।
অন্যদিকে কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে যাত্রী নিয়ে তিনি ঘোনার মোড় এলাকায় যান। যাত্রী নামিয়ে ফেরার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। তার পিঠের একাধিক স্থানে গুলি লেগেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এই বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জেডি