পাবনার সাঁথিয়া উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ মে) রাতে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের পাথাইল হাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার দিন দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে তাদের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলায় তাদের পক্ষের কয়েকজন আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তিনি জানান, দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং কোনো দলীয় প্রভাব খাটানো উচিত নয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে এবং চারজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
/এসএকে