ফরিদপুরের চরভদ্রাসনে আট বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিএস ডাঙ্গী এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত জেলখানা ভবনের বারান্দায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি প্রতিদিনের মতো বাড়ির পাশে পরিত্যক্ত জেলখানার উন্মুক্ত স্থানে খেলা করতে যায়। এ সময় শিশুটির সরলতার সুযোগ নিয়ে আলতাফ ওরফে আদু (৬৫) নামে এক ভ্যানচালক তাকে পাশের একটি পরিত্যক্ত ভবনের বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। অভিযুক্ত আদু ওই ভবনের পাশেই একটি জরাজীর্ণ ছাপরা ঘরে বসবাস করে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী নারী জানান, সকালে তিনি ও তার বোন ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পরিত্যক্ত ভবনের বারান্দায় আপত্তিকর দৃশ্য দেখে তারা এগিয়ে যান। তাদের আসতে দেখে অভিযুক্ত আদু তড়িঘড়ি করে শিশুটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারী আদুকে শাসালে সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। এই ঘটনার পর থেকে স্থানীয় অভিভাবকেরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জেডি