পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এবার নিজ নিজ নির্বাচনি এলাকা ও স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ঈদের নামাজ আদায়, কোরবানি এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতারা দিনটি কাটাবেন।
বুধবার (২৭ মে) দলটির মিডিয়া সেল থেকে জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের পূর্ব রামপুরা সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সকাল ৭টায় তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটের মুন্সিপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠ ঈদগাহে নামাজ আদায় করবেন। অপরদিকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ গ্রাম গোপালনগরে ঈদ উদযাপন করবেন। তিনি ঈদের সকালে স্থানীয় মসজিদে নামাজ আদায় করে পরে কোরবানি সম্পন্ন করবেন।
এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় ঈদ উদযাপন করবেন। তারা দুজনেই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামের মসজিদে নামাজ আদায় করবেন এবং দিনভর স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ঢাকা মহানগরের আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতাকর্মী ও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। অন্যদিকে যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।
নারী সংসদ সদস্যদের মধ্যে নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে ঈদ পালন করবেন। আর ডা. মাহমুদা মিতু বরিশালে শ্বশুরবাড়ি এবং নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ায় সময় কাটাবেন।
সব মিলিয়ে, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন।
/এসএকে