ইউক্রেনীয় ড্রোনের ধারাবাহিক ও বিধ্বংসী হামলা ঠেকাতে এবার এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে মস্কো। এখন থেকে রাশিয়ার ব্যাংকগুলোতে ড্রোন বিধ্বংসী ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম বসানো হবে এবং ব্যাংকেরই প্রশিক্ষিত কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনে ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করতে পারবেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, এই সংক্রান্ত একটি খসড়া বিল গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় তৃতীয় তথা চূড়ান্ত মেয়াদে পাস হয়েছে।
ইউক্রেন যুদ্ধের আবহে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে, বিশেষ করে মস্কোর জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে কিয়েভ একের পর এক দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে। এই পরিস্থিতিতে বিশাল রুশ ভূখণ্ডের আকাশসীমা সুরক্ষায় দেশটির নিয়মিত সামরিক বাহিনী যখন হিমশিম খাচ্ছে, তখনই বেসরকারি ও বাণিজ্যিক খাতকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করার এই কৌশল নিলেন রুশ আইনপ্রণেতারা।
পাস হওয়া বিলটিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান নাশকতামূলক ও সন্ত্রাসী হামলা থেকে ‘ব্যাংক অব রাশিয়া’ (কেন্দ্রীয় ব্যাংক) ও অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনা রক্ষা করতে এই আইন জরুরি ছিল। এমনকি আন্তর্জাতিক মহলে বিতর্কিত এবং রাশিয়ার পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকা ইউক্রেনের অবরুদ্ধ চার অঞ্চল— যেগুলোকে ক্রেমলিন নিজেদের অংশ বলে দাবি করে, সেখানকার ব্যাংকগুলোকেও এই কাঠামোর আওতায় আনা হয়েছে।
রাশিয়ার আরেক সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এই বিলটি প্রথম গত বছরের আগস্টে উত্থাপন করা হয়েছিল এবং পরবর্তীতে এর পরিধি আরও বাড়ানো হয়। আইনটি চূড়ান্তভাবে কার্যকর হতে এখন পার্লামেন্টের উচ্চকক্ষ ‘ফেডারেশন কাউন্সিল’-এর অনুমোদন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের প্রয়োজন হবে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকগুলো নিজস্ব অর্থায়নে তাদের ভবনের ছাদে বা চত্বরে জ্যামিং ও ড্রোন প্রতিরোধী সরঞ্জাম স্থাপন করবে। রাশিয়ার প্রায় প্রতিটি শহরে ও জনপদে ব্যাংকের শাখা থাকায়, এই সিদ্ধান্ত কার্যত পুরো দেশজুড়ে রাশিয়ার এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেটওয়ার্ক রাতারাতি বহুগুণ বাড়িয়ে দেবে। বিলের ধারা অনুযায়ী, ব্যাংকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে দেশের মূল নিরাপত্তা বাহিনীর গ্রিন সিগন্যালের অপেক্ষা না করেই ব্যাংক কর্মীরা ড্রোনের কন্ট্রোল সিগন্যাল জ্যাম করতে পারবেন এবং আকাশ, স্থল বা জলপথের যেকোনো চালকবিহীন শত্রুযান ধ্বংস করতে পারবেন।
স্টেট দুমার আর্থিক বাজার কমিটির চেয়ারম্যান আনাতোলি আকসাকভ রুশ সংবাদমাধ্যম আরবিকে-কে বলেন, জ্যামিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে ড্রোনের লক্ষ্যবস্তু নির্ধারণ কঠিন করে দেওয়া হবে। এছাড়া এই ড্রোনগুলোকে গুলি করে নামানোর প্রযুক্তিও ব্যবহার করা হবে, যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয়। কোন কোন কর্মকর্তা এই ড্রোন বিধ্বংসী অভিযানে অংশ নেবেন এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ পাবেন, তা নিজ নিজ ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপটি রুশ নাগরিকদের দৈনন্দিন জীবনকে যুদ্ধক্ষেত্রের আঁচ থেকে দূরে রাখার যে প্রচেষ্টা প্রেসিডেন্ট পুতিন এতদিন করে আসছিলেন, তার সম্পূর্ণ পরিপন্থী। সাধারণত ব্যাংকগুলো সামরিক হামলার প্রধান লক্ষ্যবস্তু না হলেও, কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ‘স্পারব্যাংক’-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতেই এই বিশাল সাংগঠনিক ও আর্থিক ঝুঁকি নিচ্ছে মস্কো।
/কহু