বিশ্বকাপের বাকি কেবল ১০ দিন। আগামী ১১ জুন মধ্যরাতে মাঠে গড়াচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আসর সামনে রেখে গত ২৯ মে চূড়ান্ত দল ঘোষণা করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই দলে অবধারিতভাবেই স্থান পেয়েছেন পরীক্ষিত মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
২০২২ কাতার বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করাতে দারুণ ভূমিকা ছিল তার। আসন্ন আসরেও লিয়ান্দ্রোর সার্ভিসের দিকে নজর আলবিসেলেস্তেরার কোচ লিওনেল স্কালোনির। তবে ভরসার প্রতীক লিয়ান্দ্রো হঠাৎ ইনজুরিতে পড়েছেন। হ্যামিস্ট্রিংয়ের চোটে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে। এ কারণে প্রস্তুতি ম্যাচে তাকে পাচ্ছে না দল।
সপ্তাহ তিনেক সময় লাগতে পারে পারেদেসের, এমনটা জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন আরেভালো। আর এমনটা হলে ফলে আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারবেন না ৩১ বছর বয়সি এই মিডফিল্ডার।
নিজের এক্স অ্যাকাউন্টে সেই আর্জেন্টাইন সাংবাদিক লিখেছেন, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে পারেদেসের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জাতীয় দলের প্রতি ভালোবাসা এবং ম্যাচের গুরুত্বের কারণে সে চোট নিয়েই খেলেছে। ফলে সে প্রস্তুতি ম্যাচগুলো মিস করবে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তবে পারেদেসের সম্ভাব্য পুনর্বাসন সময় বিবেচনায় নিলে সেই ম্যাচে তার উপস্থিতি সময়ের হাতেই ছেড়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
এদিকে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড।
এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়। বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের ক্লান্তি দূর করা, রিকভারি এবং কৌশলগত আলোচনার জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালে ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে অনুশীলনের জন্য মেসিরা স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন।
/এসএকে