আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। বগুড়ার একটি পাইকারি সবজি বাজারের ভোরের কর্মব্যস্ততার ছবি তুলে বিশ্বমঞ্চে ‘ফুড ফর সেল’ (বিক্রির জন্য খাদ্য) বিভাগে বিজয়ী হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী কাজী মোহাম্মদ গোলাম কুদ্দুস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পুরস্কারজয়ী এই আলোকচিত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী জেলা বগুড়ার একটি ভোরের বাজারের চিরচেনা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে দেখা যায়, কাকডাকা ভোরে কৃষকেরা তাদের খেত থেকে সদ্য তোলা টাটকা বাঁধাকপি রিকশা ভ্যানে করে বাজারে নিয়ে আসছেন। স্থানীয় আড়ত ও পাইকারি বাজারের এই কর্মব্যস্ততার পর ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে এই সবজি কিনে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য বড় শহরগুলোতে পাঠিয়ে দিচ্ছেন।
ভোরের আলো-আঁধারিতে গ্রামীণ অর্থনীতি, শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম এবং মাঠের ফসল সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর এই নিখুঁত ও নান্দনিক মুহূর্তটি ক্যামেরাবন্দি করার স্বীকৃতিস্বরূপ কাজী মোহাম্মদ গোলাম কুদ্দুসকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হয়েছে। এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও কৃষিজীবী মানুষের জীবনযাত্রাকে নতুনভাবে তুলে ধরেছে।
/কহু