রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উত্তর নওপাড়া এলাকায়। কর্মসূত্রে তিনি রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আরও পড়ুন
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এপিবিএন কার্যালয়সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে সড়ক পারাপার বা চলাচলের সময় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মো. রাসেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানাকে অবহিত করা হয়েছে।
এএডি/