মধ্য ইসরায়েলে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।
রোববার (৭ জুন) স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাটি মধ্য ইসরায়েলের কোখাভ ইয়াইর এলাকার কাছে সংঘটিত হয়। দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, কোখাভ ইয়াইরের নিকটবর্তী একটি গ্যাস স্টেশন, জুর ইৎজাক এলাকার আরেকটি স্থান এবং হাইওয়ে ৫৫৩৩-এর বিভিন্ন অংশে গুলির ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক আরব-ইসরায়েলি ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সালিত ও জুর ইৎজাক এলাকায় একাধিক গোলাগুলির ঘটনার খবর পাওয়ার পর সেখানে অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি তদন্ত করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
/ইউএমএইচ