বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাক্রম সংস্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণির পাঠ্যসূচিতে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামের চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কাজের অগ্রগতি ও কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সিদ্ধান্তসমূহ জানান।
শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে শিক্ষাক্রমের আমূল পরিবর্তন মাত্র তিন মাসে করা সম্ভব নয়। তাই প্রাথমিক কিছু পরিমার্জন শেষে ২০২৭ সালে শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই দেওয়া হবে এবং সামগ্রিক সংস্কার সম্পন্ন করে ২০২৮ শিক্ষাবর্ষের নতুন বই প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, চলতি বছরের জুন মাসের মধ্যেই এসএসসির নির্ধারিত সিলেবাস শেষ করা হচ্ছে এবং আগামী বছরের ৭ জানুয়ারি থেকে তারা এসএসসি পরীক্ষা শুরু করতে চান।
এছাড়া চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে মন্ত্রী নিশ্চিত করেছেন।
সময়ের আলো/টিএইচ