সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের জন্য বরাদ্দ থাকছে ৩৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে। অর্থ মন্ত্রণালয়ের

2026-06-09T15:40:35+00:00
2026-06-09T15:40:35+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
বাজেট ২০২৬-২৭
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের জন্য বরাদ্দ থাকছে ৩৫ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ০)
বাজেট। সংগৃহীত ছবি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন, বাকি ৫০ শতাংশ পাবেন পরের অর্থবছরে। সরকারি কর্মচারীরা তার পরের অর্থবছরে পাবেন ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতা সবই পাবেন তারা। 

আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে, সে ব্যাখ্যাও দিতে পারেন অর্থমন্ত্রী।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে। কঠিন পরিস্থিতির মধ্যে আছি। অর্থনীতির অবস্থা খারাপ, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব সংগ্রহের অবস্থা খারাপ। ফলে অনেক কিছু বাদ দিতে হচ্ছে ও কাটছাঁট করতে হচ্ছে। তার মধ্যেও নতুন বেতনকাঠামোর দিকটা দেখতে হচ্ছে।  

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ আছে মোট ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। নতুন বেতন কমিশন সুপারিশ করেছিল, আগামী অর্থবছরের জন্য বাড়তি লাগবে এক লাখ ৬ হাজার কোটি টাকা। কমিশনের সুপারিশ আগামী অর্থবছরে পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দিতেই ব্যয় হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। এ কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ সংবলিত কমিশনের প্রতিবেদন জমা দেয়। 

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার দুই মাস পর নতুন বেতনকাঠামো বাস্তবায়নে গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করে। 

অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, সরকার শেষ পর্যন্ত এ সুপারিশই আমলে নিচ্ছে।

বেতন কমিশনের প্রতিবেদন তৈরির আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য, পুঞ্জীভূত মূল্যস্ফীতি, প্রতিবেশী দেশের বেতন-ভাতা, বেসরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য আনা, মানুষের জীবনমানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

গত মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে অর্থমন্ত্রী যখন বাজেটের নানা দিক নিয়ে আলোচনা করেন, তখন সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় ছিল। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি যে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে, প্রধানমন্ত্রী তাতেই সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

অর্থমন্ত্রীর কাছ থেকে সম্প্রতি এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি বলেছিলেন, আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামোর বাস্তবায়ন হবে। কীভাবে তা উত্তম উপায়ে করা যায়, তা নিয়ে কাজ চলছে। 

প্রধানমন্ত্রী ইতিবাচক ইঙ্গিত দেওয়ার পর গত ২১ মে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের জন্য আবার বৈঠক করে নাসিমুল গণির কমিটি। সূত্রগুলো জানায়, এ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন।


এদিকে, কর্মরত সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, মাসে ২০ হাজার টাকার কম পান, এমন পেনশনভোগীদের পেনশন ১০০ শতাংশের মতো বৃদ্ধি হতে পারে। তবে যারা মাসে ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পান, তাদের পেনশন ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর যারা মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাঁদের পেনশন বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত।

৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা ১০ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। আর ৫৫ থেকে ৭৪ বয়সী পেনশনভোগীরা পেতে পারেন ৮ হাজার টাকা চিকিৎসা ভাতা। ৫৫ বছরের কম বয়সীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে ৫ হাজার টাকা। এ ছাড়া বেশি বেতনের সরকারি চাকরিজীবী, অর্থাৎ প্রথম থেকে দশম ধাপ পর্যন্ত চাকরিজীবীদের বাড়িভাড়া তুলনামূলক কম হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ১১তম থেকে ২০তম ধাপে বাড়িভাড়ার হার তুলনামূলক বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধি যে দরকার, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সুপারিশ অনুযায়ী আগামী অর্থবছর থেকে পুরোটা বাস্তবায়ন করা গেলে ভালো হতো। কিন্তু সরকারের আয়ের যে অবস্থা, এবার অন্তত তা সম্ভব হবে না।



/ইউএমইএচ



  বিষয়:   সরকারি কর্মকর্তা–কর্মচারী  বেত  বাজেট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: