পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধ জোরদারে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, পরিবেশ ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে প্রতিটি শিশুর জন্য একটি করে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, খাল খনন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং পোষ্য প্রাণী পালনে উৎসাহ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
বাজেট বক্তৃতায় শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের জিডিপির ২ শতাংশ। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা। যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শীর্ষক ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০২ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।