আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনের ধারায় ছিল অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর। ফলে দিন শেষে সার্বিক মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান। তবে বড় মূলধনের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমায় এ বাজারটিতেও মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
সোমবার ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়। ফলে দিনের শুরুতে মূল্যসূচকে ইতিবাচক প্রবণতা দেখা যায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার কারণে লেনদেনের একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২৪ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত মিউচুয়াল ফান্ডগুলোর দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। তবে লেনদেনের শেষ দিকে বড় মূলধনের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমে যায়। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৬৯টির এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ২৪টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে পাঁচটির দাম কমেছে এবং পাঁচটির অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২১০ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা।
এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ১১ লাখ টাকা। এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা ফারেইস্ট নিটিংয়ের ৩৬ কোটি ৬ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সেও ৩২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যে অন্যগুলো হলো- এসিআই ফরমুলেশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, কুইন সাউথ টেক্সটাইল, ডমিনেজ স্টিল বিল্ডিং, আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল ও মালেক স্পিনিং।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৯৭টির এবং ৩৬টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৮২ লাখ টাকা।
সময়ের আলো/প্রিন্ট/জেডি