রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল কার্যালয় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটের সামনে থাকা জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। এর মধ্যে একটি গ্লাস ভবনের পেছন দিক দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অপরটি নিতে পারেনি।
এ সময় শব্দ শুনে কার্যালয়ের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার বিষয়ে সকালে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হলে তিনি এটিকে সম্ভাব্য নাশকতা হিসেবে উল্লেখ করেন। রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।
ঘটনার পরপরই অ্যাটর্নি জেনারেল প্রশাসনিক কর্মকর্তাকে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও সম্ভাব্য ইন্ধনদাতাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আরবিএন