নারীর দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারী সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) কার্যক্রম চালু করতে যাচ্ছে।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ৫ জুলাই থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ৯০ দিনব্যাপী জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) পরিচালিত হবে।
দেশের ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ (ঢাকা) এবং জেলা কমান্ড্যান্ট কার্যালয় ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।
প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের এভিএমআইএস (AVMIS) অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আনসার-ভিডিপি কর্তৃপক্ষ আশা করছে, এ প্রশিক্ষণ নারী সদস্যদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতেও এ উদ্যোগ কার্যকর অবদান রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
আরবিএন