প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:০৪ এএম
বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ। ছবি : সংগৃহীত রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হল এবং চানখারপুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চানখারপুলে বিস্ফোরণে আহত হয়েছেন এক পথচারী। তবে বুয়েটে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে বুয়েটের আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। কাচের টুকরা ও ককটেলের গুঁড়া বিছানায় গিয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন।
বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিলুল ইসলাম আকিব জানান, হলটিতে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। ঘটনার সময় তিনি ১৩৭ নম্বর কক্ষে না থাকায় রক্ষা পান। এ সময় বুয়েট প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এর কিছুক্ষণ পর, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চানখারপুলে জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল শাখার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে এক পথচারী আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ জানান, শহীদুল্লাহ হলের পেছনে চানখারপুল এলাকায় বিস্ফোরণটি ঘটে। পুলিশের গাড়ির সামনেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
চানখারপুলের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/জেডি