প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩৪ এএম
গ্রেফতার মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় পাঁচটি তাজা ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ। তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, জনপদ মোড়ে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন সঙ্গীয় সদস্যদের নিয়ে নিয়মিত চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই আরোহীকে আসতে দেখে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে তারা দ্রুত পালানোর চেষ্টা করেন।
পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করেন। তবে মোটরসাইকেলের অপর আরোহী পলাশ দৌড়ে পালিয়ে যান।
আটকের পর সাইফুলের হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ধানের তুষ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে ইউনিটের বিশেষজ্ঞরা ব্যাগটি পরীক্ষা করে তুষের মধ্যে লুকানো পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নেওয়া হয়।
গ্রেফতার সাইফুল কুমিল্লার মনোহরগঞ্জ থানার ১ নম্বর ঝলম গ্রামের মৃত মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেন এলাকায় বসবাস করেন। পলাতক পলাশের আনুমানিক বয়স ৪৫ বছর। প্রাথমিকভাবে তার বাড়ি মানিকগঞ্জ বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/জেডি