ডিজিটালেও দালালের দাপট

শাকিল আহমেদ

জাতীয়

সরকারি সেবায় জনগণের ভোগান্তি কমাতে ও সরকারি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের ৩৬ হাজারেরও বেশি সরকারি দফতরকে অনলাইন সেবার

2026-11-10T01:20:54+00:00
2026-11-10T01:20:54+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
সেবায় ভোগান্তি
ডিজিটালেও দালালের দাপট
শাকিল আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:২০ এএম 
এআই নির্মিত ছবি।
সরকারি সেবায় জনগণের ভোগান্তি কমাতে ও সরকারি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের ৩৬ হাজারেরও বেশি সরকারি দফতরকে অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ভূমি সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, এনবিআর, রেল ও বিআরটিএসহ অতি গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো মিলছে সরাসরি অনলাইনে। প্রত্যাশা ছিল এসব সেবা অনলাইনের মাধ্যমে হলে সরকারি দফতরগুলোতে নাগরিকদের সশরীরে উপস্থিতি কমবে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও ভোগান্তির লাঘব হবে এবং দালালচক্রের হাত থেকে মুক্তি মিলবে।

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশ ডিজিটাল হলেও এখনও প্রযুক্তি জ্ঞান না থাকা, সরকারি ওয়েবসাইটের কারিগরি জটিলতা, ভঙ্গুর অবকাঠামো ও ‘সার্ভার ডাউন’ রোগ, ডাটাবেজের সমন্বয়হীনতা, ইউজার ইন্টারফেস এবং ভাষার জটিলতা ও পেমেন্ট গেটওয়ের গোলকধাঁধাসহ নানা সমস্যায় বাধাগ্রস্ত হচ্ছে এসব সেবা। ফলে সরকারি অফিসগুলোতে কাগজ-কলমে ডিজিটাল সেবা উল্লেখ থাকলেও সেবা মিলছে আগের নিয়মেই। আবেদনসহ সবকিছু অনলাইনে করলেও মূল সেবা পেতে অফিসমুখী হতে হচ্ছে নাগরিকদের। সেই সঙ্গে ডিজিটাল হয়রানি ও ভোগান্তি তো আছেই। তাই ডিজিটাল মারপ্যাঁচ ও ভোগান্তি এড়াতে দালালদের শরণাপন্ন হন সেবা প্রত্যাশীরা। ফলে সরকারি সেবা পেতে একদিকে যেমন বাড়তি টাকা গুনতে হয় তেমনই অন্যদিকে দালাল সিন্ডিকেটের বাজার বড় হচ্ছে।

এ বিষয়ে মো. রিয়াজ হোসেন নামে এক ভুক্তভোগী সময়ের আলোকে বলেন, আমার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য তার জন্মনিবন্ধন বাধ্যতামূলক ছিল। অমি যখন আবেদন করতে গেলাম তখন দোকানদার জানান, বাবা-মায়ের জন্মনিবন্ধন লাগবে। কিন্তু  আমার জন্মনিবন্ধন তখন অনলাইন করা ছিল না। তাই আমাকে নতুন করে জন্মনিবন্ধন অনলাইন করতে হবে এ ক্ষেত্রে নাকি আমার মায়ের এনআইডি নাম্বার লাগবে। এরপর মায়ের এনআইডি কার্ড দিলে দেখা যায়, মায়ের নিজের এনআইডিতে থাকা নাম (সালেহা) ও আমার এনআইডিতে থাকা আমার মায়ের (ছালেহা) নামের মধ্যে শুধু ‘স’ এবং ‘ছ’ এর ব্যবধান। এ কারণে এটা নাকি সার্ভারে নিচ্ছে না। বার বার চেষ্টা করে তিনঘণ্টা কেটে গেল, কিন্তু কোনো কাজ হলো না। এরপর ওই দোকানি আমাকে বলেন যদি পাঁচ হাজার টাকা দেন তা হলে আমি ঠিক করে দিতে পারি। কীভাবে করবেন জানতে চাইলে তিনি বলেন, সিটি করপোরেশনে আমার লোক আছে টাকা দিলে ঠিক করে দেওয়া যাবে।  

একটু কম রাখা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে আমাদের কিছু থাকে না সব তাদেরই দিতে হয়। স্কুলে ভর্তির সময় শেষ দিকে ছিল বলে আমি আর দরকষাকষি না করে ওই টাকা দিয়েই আমার সমস্যা সমাধান করেছিলাম। এরপর বাচ্চার জন্ম নিবন্ধনটা করেছিলাম।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, একটি জন্মনিবন্ধন করতে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। এরপর আবেদনের কপি ও এনআইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হয়। এরপর ৫০ টাকা সরকারি ফি জমা দিয়ে একটা রশিদ কাটতে হয়। সবকিছু ঠিক থাকলে আবেদনটি রেজিস্ট্রারের কাছে পাঠান ওয়ার্ড সচিব। রেজিস্ট্রার আবেদনটা অনুমোদন করলে সেটিকে প্রিন্ট করে এন্ট্রি করেন সচিব। এরপর আবার রেজিস্ট্রারের সই হয়ে সেটি আবেদনকারীর হাতে পৌঁছায়। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, একটি জন্ম নিবন্ধন করতে সরকারি ফি ৫০ টাকা। সবকিছু ঠিক থাকলে জন্মনিবন্ধন পেতে সময় লাগে সর্বোচ্চ তিন দিন। তবে অসুস্থতা কিংবা কোনো কারণে খুব বেশি জরুরি হলে এক দিনেও পাওয়া সম্ভব বলে জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর এক কর্মকর্তা সময়ের আলোকে বলেন, জন্মনিবন্ধন করতে সরকারি ফি’র বাইরে কোনো টাকা লাগে না। যারা দালাল ধরেন— তারা না বুঝেই টাকাটা দেন। যাদের কাগজপত্র সব ঠিক থাকে তারা সরাসরি অফিসে এলে কোনো টাকা লাগে না। কিন্তু যাদের কাগজপত্রে ঝামেলা থাকে তারা আমাদের কাছে না এসে দালালের কাছে যান এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রতারিত হন। 

অনলাইনে আবেদন করার পরেও একজন ব্যক্তিকে কেন শরীরে অফিসে আসতে হয় জানতে চাইলে তিনি বলেন, অনেকক্ষেত্রে দেখা যায়, অনলাইনে তারা মিথ্যা তথ্য দিয়ে বয়স সংশোধনের জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে এনআইডি ও পাসপোর্টে থাকা বয়স পরিবর্তন করে আবেদন করেন। তাই অরিজিনাল এনআইডি বা পাসপোর্ট যাচাই করার জন্য ব্যক্তিকে ডকুমেন্ট নিয়ে অফিসে আসতে হয়।  

শুধু জন্মনিবন্ধনই নয়, জাতীয় পরিচয়পত্র, ভূমি সেবা ও পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সেবায় একই রকম পদ্ধতি অনুসরণ করতে হয়। অনলাইনে আবেদন করার পরও একজন ব্যক্তিকে অফিসে সশরীরে উপস্থিত হতে হয়। যেমন-কোনো ব্যক্তি যদি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেন তা হলে তাকে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ) দেওয়ার জন্য স্ব স্ব আঞ্চলিক অফিসে সশরীরে উপস্থিত হতে হয়। এ ছাড়া এনআইডি সংশোধন করতে হলেও অনেক ক্ষেত্রে অফিসে উপস্থিত হতে হয়। যেমন- বড় কোনো সংশোধন বা বয়স সংশোধনের জন্য শুনানি করে নির্বাচন কমিশন। তাই এসব কারণে ব্যক্তিকে সশরীরে উপস্থিত থাকতে হয়। এর বাইরে অনেক নাগরিক নিজের চাহিদা ও প্রয়োজনের কারণেও অফিসে চলে আসেন বলে জানান ইসি কর্মকর্তারা।


এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন সময়ের আলোকে বলেন, দুটি কারণে মানুষ সশরীরে নির্বাচন কমিশনে আসে। একটি হলো- কোনো জটিল কেস হলে আরেকটি হলো ব্যক্তির নিজের চাহিদার জন্য। যেমন-এমন একটা সংশোধনের আবেদন এলো যেটা সমাধানের জন্য পর্যাপ্ত ডকুমেন্ট দেয়নি এবং যে ডকুমেন্ট দিয়েছে তা দিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। 

এ ক্ষেত্রে ওই ব্যক্তিকে উপস্থিত থাকতে বলা হয়। অন্যটি হলো ব্যক্তির চাহিদা যেমন— যে সময়ের মধ্যে তার কাজ শেষ হওয়ার কথা সে সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার আগেই ওই ব্যক্তির এনআইডি দরকার। তাই তিনি সশরীরে এসে অনুরোধ করেন। এ ছাড়া দেখা যায় প্রতিদিন অনেক আবেদন জমা হয়। দেখা গেছে এক দিনে ১০টা আবেদন সমাধান করা সম্ভব কিন্তু আবেদন জমেছে ৩০টা সে ক্ষেত্রে কাজে বিলম্ব হয় এবং আবেদনকৃত ব্যক্তির কার্ড পেতে দেরি হয়। সে জন্য তাকে আসতে হয়। দালালদের টাকা দিলেই যে আগে হয় বিষয়টা এমন নয়। কারণ এখানে দালাল নিষিদ্ধ। কেউ  যদি আমাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে যোগাযোগ করেন তা হলে আমরাই সমাধান করে দেই।  

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

 


  বিষয়:   ডিজিটাল  দালাল  দাপট  ভোগান্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: