প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় সবাইকে সজাগ থাকতে বলেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজপথে থেকে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার কথা বলেছেন। তবে শেখ হাসিনা ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকালে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা হয়। এতে সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
তবে সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য বলেছেন, সভায় ঘুরেফিরে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রসঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পরোক্ষভাবে এই ইস্যুতে বক্তব্য দিয়েছেন। সবাইকে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক খবরে জানানো হয়েছে।
বিএনপির সংসদীয় দলের সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অন্যদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুপুরে পৃথক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তা হলে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর খবরের প্রকৃত তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ এবং প্রাপ্ত নথির বিষয়বস্তু সামনে এনে তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত শিরোনাম জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
সোমবার নিজের ফেসবুক পোস্টে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন সুজন মাহমুদ।
পোস্টে তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টির প্রকৃত তথ্য জানতে পেরেছেন।
সাইদুর রহমান তাকে জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদনক্রমে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ওই প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান হাইকমিশনের প্রেস মিনিস্টার।
সুজন মাহমুদের পোস্টে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর :এদিকে দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়ায় শ্রমিকদের বিশেষায়িত চিকিৎসাসেবার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।
এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময়ের শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ জনগণের স্বার্থে ব্যবহার না করে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে। শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়, এমন নীতিও গ্রহণ করা হয়েছিল।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা আগের গণতান্ত্রিক সরকারের সময় যে অবস্থায় ছিল, তা আরও দুর্বল করে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশের ওপর নির্ভরশীল হতে বাধ্য করা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগও সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ।
সময়ের আলো/প্রিন্ট/জেডি