প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহীতশ্রমিকদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য নির্ধারিত থাকবে। এগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়াও শ্রমিকদের সেবার বিষয়টি বিবেচনায় রেখে করা হবে।’
এর আগে গত ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরাজমান সংকট নিরসনে আয়োজিত এক বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরুর কথাও জানিয়েছিলেন তিনি।
সময়ের আলো/এসকে