প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম
রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আলোচনায় আসতেই দুর্বৃত্তরা এমন কৌশল নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত শনিবার রাত থেকে সোমবার রাত ৮টা এ রিপোর্টটি লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময় ৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী, পল্লবী থানা ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনার আশপাশে এসব হামলার ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তাদের ধারণা, হামলাকারীরা মোটরসাইকেলে এসে সুবিধাজনক স্থানে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে। উড়ালসড়কের ওপর থেকেও পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল ছোড়া হচ্ছে। সেখানে নিয়মিত পুলিশি টহল না থাকার সুযোগ নিচ্ছে হামলাকারীরা।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, পুলিশের স্থাপনায় হামলা চালিয়ে আলোচনায় আসতে চাইছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে দাবি পুলিশের।
এদিকে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বনশ্রী, সাউথইস্ট ইউনিভার্সিটি ও সিএমএম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিএমএম কোর্টের সামনে থেকে ২ জন, টিএসসি থেকে ২ জন ও সিএমএম কোর্ট এলাকা থেকে ২ জন কমে মোট ৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া রূপনগর ও তুরাগ এলাকায় পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপি।
অন্যদিকে ধারাবাহিকভাবে বাসে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে সংগঠনটি। সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকও হয়েছে।
সময়ের আলো/কেএইচও