ডানে বাঁয়ে চাপ, অস্বস্তি

সাব্বির আহমেদ

রাজনীতি

তেল সংকটের মধ্যে যাত্রা শুরু করা বিএনপি সরকারের বয়স মাত্র সাড়ে আট মাস। এ সময়ের মধ্যে বহির্বিশ্বে তেলের সংকট কিছুটা

2026-11-10T00:28:59+00:00
2026-11-10T00:28:59+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
রাজনীতি
বিএনপি সরকারের ৮ মাস
ডানে বাঁয়ে চাপ, অস্বস্তি
সাব্বির আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:২৮ এএম 
ছবি : সংগৃহীত
তেল সংকটের মধ্যে যাত্রা শুরু করা বিএনপি সরকারের বয়স মাত্র সাড়ে আট মাস। এ সময়ের মধ্যে বহির্বিশ্বে তেলের সংকট কিছুটা শিথিল হলেও বেড়েছে দেশীয় সংকট। লাগামছাড়া হচ্ছে সিলিন্ডার গ্যাসের দাম, যা এই সরকারের আমলে বেড়েছে অন্তত ছয়বার। এরই মধ্যে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাজপথে শ্রমিক অসন্তোষ অস্বস্তিতে ফেলেছে সরকারকে। আন্দোলন নিয়ন্ত্রণে নিতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে আওয়ামী লীগের চোখ রাঙানি তো আছেই। সামাজিকমাধ্যমসহ বিভিন্ন জায়গায় সরকারের অবস্থান ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। সব মিলিয়ে নতুন সরকারের এই যাত্রা মসৃণ ছিল না, ছিল কণ্টকযুক্ত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আট মাসের মাথায় সরকারের ওপর নানামুখী চাপ সৃষ্টি হওয়া রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। এসব সংকটকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এক জটিল ও সংবেদনশীল সময় পার করছে। প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা দলটিকে এখন রাজপথের নতুন রাজনৈতিক মেরুকরণ, নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানামুখী চাপের মুখোমুখি হতে হচ্ছে। সম্প্রতি পোশাকশ্রমিকরা তাদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। 

এ দাবি আদায়ে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল মিরপুর, উত্তরা, গাজীপুরের কোনাবাড়ী, আশুলিয়া এবং সফিপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, নিত্যপণ্য ও বাসাবাড়ির ভাড়া বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে চলা কঠিন হয়ে পড়েছে। প্রসঙ্গত, সবশেষ ২০২৩ সালের ডিসেম্বর পোশাকশ্রমিকদের মজুরি আট হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। 

তবে অনেকটা হঠাৎ করেই আন্দোলনে নামেন পোশাকশ্রমিকরা। বিএনপি সরকারের আট মাসের মধ্যে এটি সবচেয়ে বড় আন্দোলন হিসেবে ধরা হচ্ছে। টানা কয়েক দিন ধরে চলা আন্দোলনে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শুধু রাজধানীর মিরপুরে বিক্ষোভ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় চারটি মামলা হয়েছে। আর এতে আসামি করা হয়েছে ১০ হাজার জনকে। তবে এই আন্দোলনের পেছনে কী কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি বৈঠক করেন বিষয়টি নিয়ে। শ্রমিকদের আন্দোলন বন্ধের আহ্বান জানান সরকারের ঊর্ধ্বতনরা। এরপরও কিছু জায়গায় আন্দোলনে নামেন শ্রমিকরা। ফলে এর পেছনে আসল রহস্য খুঁজছে পুলিশ।  

শুধু তাই নয়, ক্ষমতায় আসার পরপরই বিএনপি সরকারকে সবচেয়ে বড় রাজনৈতিক চাপের মুখে ফেলেছে সমমনা ও অন্য রাজনৈতিক দলগুলোর নতুন অবস্থান। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্য জোট সরকারকে দৃশ্যত চাপে রাখতে রাজপথে সক্রিয় হচ্ছে। নিত্যপণ্যের দাম কমানো এবং পূর্ববর্তী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা লংমার্চ ও এক দফার আন্দোলনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে যাচ্ছে। বিএনপি অবশ্য এই আন্দোলনকে বড় কোনো হুমকি মনে করছে না। 

দলটির নীতিনির্ধারকদের মতে, এটি কেবলই রাজনৈতিক দরকষাকষি এবং সরকারকে বাড়তি চাপে রাখার একটি কৌশল।
আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চাপটি আসছে বাজার পরিস্থিতি থেকে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। চাল, ডাল, তেলসহ দৈনন্দিন ব্যবহার্য পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। বিরোধী দলগুলো বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলছে, সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের জন্য আরেকটি বড় উদ্বেগের জায়গা হলো দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকারের বিষয়গুলো। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার কিছুটা অবনতি ও নাগরিকদের গ্রেফতারের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি মিরাজ শেখের মতো নাগরিকদের নিখোঁজ বা গুম হওয়ার অভিযোগ ওঠায় মানবাধিকার কর্মীরা সরকারের সমালোচনা করছেন। তাদের মতে, ‘সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় নিপীড়নের পুরোনো রূপ পুরোপুরি বন্ধ করা যায়নি।’

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে দলের নেতাকর্মীদের পুনর্বাসন, জনসম্পৃক্ততা বজায় রাখা এবং একই সঙ্গে প্রশাসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা— এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা বিএনপির জন্য একটি বড় সাংগঠনিক চাপ হিসেবে দেখা দিয়েছে। এসব চাপের জবাবে বিএনপি ও সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ধ্বংসস্তূপ রাতারাতি মেরামত করা সম্ভব নয়। তারা দাবি করছেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ মুহূর্তে রাজপথে কৃত্রিম সংকট বা আন্দোলন তৈরি করে সরকারকে অতিরিক্ত চাপে ফেললে দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও জটিল রূপ নিতে পারে।

ক্ষমতাচ্যুতদের চোখ রাঙানি : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডিসেম্বর মাসে রাজনীতিতে ফেরার কিংবা দেশে ফিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা নিয়ে সমসাময়িক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ চলছে। দলটির সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকাল থেকেই ঘোষণা দিয়েছেন যে, তিনি চলতি বছরের ডিসেম্বরেই কর্মী-সমর্থকদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন এবং রাজনীতিতে সক্রিয় হবেন। এই সময়কে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। যদিও দলটির কার্যক্রম ও নিবন্ধন স্থগিত থাকায় তারা প্রকাশ্যে বড় কর্মসূচি করতে পারছে না। তবে ভার্চুয়াল ও অনলাইন যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জেলা ও ছাত্রসংগঠনের নতুন কমিটি অনুমোদন দেওয়া হচ্ছে। এ ছাড়া পোশাকশ্রমিক আন্দোলন বা অন্যান্য জনঅসন্তোষের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এমন ইঙ্গিত টেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সব গণতন্ত্রকারী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, সব ষড়যন্ত্রের জবাব আমরা এক এক করে দেব। কোনো ষড়যন্ত্র করে মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. রাশেদ খান সময়ের আলোকে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত হচ্ছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও হেরে যাওয়ার ক্ষোভ থেকে জামায়াতে ইসলামী চক্রান্ত চালাচ্ছে। এ দুটি গোষ্ঠীকে মোকাবিলা করে বিএনপি সরকারের দেশ পরিচালনা করতে হচ্ছে। জামায়াতে ইসলামী প্রতিটি ক্ষেত্রে উসকানি দেওয়ার চেষ্টা করছে। শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করতেই পারে। কিন্তু মজুরি বোর্ড গঠন হওয়ার পর কারা আন্দোলন করছে, কারা শ্রমিকদের মাঠে নামাচ্ছে? পুলিশকে আক্রমণ করছে? এগুলো সাদা চোখেই ধরা পড়ছে। এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আমলে জ্বালানি ও গ্যাস আমদানিনির্ভর ছিল। এই সংকট অস্বীকার করার উপায় নেই। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম না বাড়ালে হুমকি দিয়ে রাখছে আমদানিকারক সংগঠনগুলো। সরকার আসলে বাধ্য হয়েই মূল্যের সমন্বয় করেছে। গণতান্ত্রিক সরকার তো চাইবে না জনগণের ওপর চাপ বাড়াতে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের যে উচ্চাশা তৈরি হয়েছিল, তা পূরণ করাই এখন বর্তমান প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী কয়েক মাস বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে না পারলে সরকারের ওপর এই বহুমুখী চাপ আরও তীব্র হতে পারে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক সময়ের আলোকে বলেন, আট মাসের মাথায় সরকারের ওপর নানামুখী চাপ সৃষ্টি হওয়া রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। রাজনৈতিক পটপরিবর্তনের পর জনগণের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি সরকারের জবাবদিহির প্রশ্নও সামনে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ, দুর্নীতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস— এসব সংকটকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এগুলো রাষ্ট্র পরিচালনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও রাজনৈতিক সমন্বয়ের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ শুধু সংকট মোকাবিলা নয়, বরং জনগণের আস্থা ধরে রাখা। এ জন্য প্রশাসনিক স্বচ্ছতা, সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা এবং রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতা জরুরি। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর গঠনমূলক ভূমিকা ও দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   চাপ  অস্বস্তি  বিএনপি সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: