খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ঘিরে বিএনপির বড় আয়োজনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ উপলক্ষে কর্মসূচি নির্ধারণ

2026-11-09T02:44:36+00:00
2026-11-09T02:44:36+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ঘিরে বিএনপির বড় আয়োজনের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪৪ এএম 
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ উপলক্ষে কর্মসূচি নির্ধারণ ও আয়োজনের প্রস্তুতি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের স্থায়ী কমিটির তিন সদস্য সালাহউদ্দিন আহমদ, এ জে এম জাহিদ হোসেন ও রুহুল কবির রিজভীকে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত তিন নেতা প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারণের কাজ করবেন।

মৃত্যুবার্ষিকী কীভাবে পালন করা হবে, কী ধরনের কর্মসূচি নেওয়া যায় এবং আয়োজনের পরিসর কেমন হবে—এসব বিষয়ে আলোচনা করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন নেতার পাশাপাশি দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এতে অংশ নেবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তার অনুসারী হিসেবে চাইব, এটি সবার কাছে গ্রহণযোগ্য ও স্মরণীয় একটি অনুষ্ঠান হয়ে উঠুক।’

সোমবারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠক আছে।’

২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়। বিএনপি দলীয়ভাবে সাত দিনের শোক ঘোষণা করেছিল।


লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও সংক্রমণসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২৫ সালের ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় অংশ কেটেছে আন্দোলন-সংগ্রামে। একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করলেও দেশ ছাড়েননি তিনি। সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় পরিসরে স্মরণ আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক জীবন, অবদান ও স্মৃতিকে নতুন করে তুলে ধরতে চায় বিএনপি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যুবার্ষিকী  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: