প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৭:১৭ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত জামায়াত ও আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ববিরোধী চক্রান্তে এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে এসব কথা বলেন রাশেদ খাঁন।
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত ও আওয়ামী লীগ যেভাবে চক্রান্ত করেছিল, এখনো একই ধরনের তৎপরতা চলছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করার সেই পরিকল্পনা সিপাহি-জনতা রুখে দিয়েছিল। তার ভাষায়, ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালে গণঅভ্যুত্থান হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিপ্লব হয়েছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর।
এর আগে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। পরে একটি র্যালি বের হয়। এতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সময়ের আলো/এমকে