প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম
প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি : সময়ের আলোধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই দল ফ্যাসিবাদকে হটিয়েছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফ্যাসিবাদী দলের পুনর্বাসন প্রসঙ্গে লিংকন বলেন, ‘ফ্যাসিবাদী দলের পুনর্বাসন জনগণ চায় না। যে দল দলীয় ও রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, তাদের পুনর্বাসনের প্রশ্নই আসে না। আমরা তো দূরের কথা, দেশের জনগণই তাদের ফিরে আসার সুযোগ দেবে না।’ তাঁর ভাষ্য, গণহত্যা চালানো কোনো রাজনৈতিক দলের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।
বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাড়ানো হয়েছে এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ চলছে। রাস্তাঘাট পাকা করার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দিনের শুরুতে দুপুর ১২টার দিকে জেলা পরিষদের আয়োজনে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। দুটি কর্মসূচিতেই অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। জেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন। এরপর গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তিনি। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সংসদ সদস্য মমতাজ আলো ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা