প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:০৬ এএম
ছবি : সংগৃহীত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে চাইলে তা প্রতিহত করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি।’
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে কেউ দেশে আসতে চাইলে তা রুখে দিতে হবে। আগামী সব ডিসেম্বরেই বাংলাদেশের ছাত্র-জনতা বিজয় লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ এর আগেও বিজয় অর্জন করেছে, ২০২৬ সালেও বিজয় আসবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তারা উদারতা দেখিয়েছেন এবং ক্ষমা করেছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডগুলোর বিচার পাওয়া যায়নি। বিচার না পেলে মানুষ নিজেরাই প্রতিরোধ গড়ে তোলে।
ডিসেম্বরকে প্রতিরোধ ও বিজয়ের মাস হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম তরুণ প্রজন্মকে আগামী দিনগুলোতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার।
সময়ের আলো/এসএকে