ব্যাটারিচালিত রিকশাচালকরা আবারও আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ করাসহ ১২ দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাটারিচালিত রিকশাশ্রমিকরা। সোমবার রাজধানীর

2026-11-10T02:01:48+00:00
2026-11-10T02:01:48+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
১২ দফা দাবি
ব্যাটারিচালিত রিকশাচালকরা আবারও আন্দোলনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:০১ এএম 
ছবি : সংগৃহীত
বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ করাসহ ১২ দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাটারিচালিত রিকশাশ্রমিকরা। সোমবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেন শ্রমিকরা। পরে ৩ ঘণ্টা অবরোধের পর রাস্তা ছাড়েন তারা। তাদের এই দীর্ঘ অবরোধে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

এদিকে সমাবেশ শেষে সব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যায় তাদের একটি প্রতিনিধি দল। এ ছাড়া এদিন আন্দোলনে অংশ না নেওয়া বেশ কিছু অটোরিকশা চালকের বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দেন আন্দোলনকারীরা।

জানা যায়, এদিন বেলা ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় পুরানা পল্টন মোড়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেন শ্রমিকরা। সচিবালয়ের প্রবেশপথে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে অবস্থান করেন। পরে দুপুর পৌনে ১টায় সমাবেশ শেষ হয়। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাওয়া প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারি।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে। এদিকে শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তাদের ১২ দফা দাবিগুলো হলো— ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন; বিআরটিএর মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও বৈধ কাগজপত্র প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ; নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে কমপক্ষে দুই বছর সময় দেওয়া; শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ করা; নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন।


এ ছাড়া সড়কে লেন পদ্ধতি চালু, সার্ভিস লেন, রিকশা-সিএনজি-মোটরবাইক স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ; শ্রমিক নেতাদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার; শ্রমিকদের জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও স্বল্প দূরত্বের বাহন হিসেবে স্বীকৃতি দেওয়া; নতুন শর্তে চালকদের ট্রেড লাইসেন্স প্রদান; সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণের ব্যবস্থা করা; শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া, গাড়ির জমা ও চার্জ কমানো; দেশের অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজি নিরাপদ করা এবং পর্যায়ক্রমে মানুষকে পেশিশ্রমের অমানবিক বোঝা থেকে মুক্ত করা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি
  বিষয়:   ব্যাটারিচালিত রিকশাচালক  আন্দোলন  ১২ দফা  দাবি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: