নওগাঁয় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, মেয়েকে উদ্ধারের দাবিতে মা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

2026-06-14T19:28:03+00:00
2026-06-14T19:28:03+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
নওগাঁয় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, মেয়েকে উদ্ধারের দাবিতে মা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ১২)
স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় বদলগাছী চারমাথা এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা ও অপহৃত ছাত্রীর মা মোছা. নেসপাতি বেগম। এ সময় তিনি তার নাবালিকা মেয়েকে ফিরে পেতে এবং অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে ছাত্রীর মা জানান, গত ৭ জুন সকাল আনুমানিক ৭টায় তার ছোট মেয়ে নাছরিন আক্তার প্রতিদিনের মতো বাড়ি থেকে কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বের হয়। তবে স্কুল ও কোচিং শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, ওই দিন সকাল আনুমানিক সাড়ে ১০টায় বদলগাছী থানার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ‘মগলের গোল’ নামক পাকা রাস্তা থেকে একটি অজ্ঞাতনামা সিএনজিচালিত অটোরিকশায় করে নাছরিনকে জোরপূর্বক অপহরণ করে ভান্ডারপুরের দিকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, এই অপহরণের মূল পরিকল্পনাকারী হলেন তাদেরই প্রতিবেশী মো. বেলাল হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (২৫)। এই কাজে রায়হানকে সরাসরি সহযোগিতা করেছেন তার বাবা মো. বেলাল হোসেন (৫২), মা মোছা. শিরিন আক্তার (৪৫) এবং মো. সুমন হোসেন (২৮) নামে আরও একজন।


নেসপাতি বেগম অভিযোগ করেন, নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর তারা বিবাদীদের সঙ্গে যোগাযোগ করলে বিবাদীরা চরম দুর্ব্যবহার করে। মেয়েকে ফিরিয়ে না দিয়ে উল্টো পরিবারটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে। বর্তমানে মূল অভিযুক্ত রায়হান ও স্কুলছাত্রী নাছরিন অজ্ঞাত স্থানে রয়েছে। প্রধান অভিযুক্ত যেকোনো সময় মেয়ের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে বলে চরম শঙ্কা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে মা নেসপাতি বলেন, আমি নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, পুলিশ সুপার এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাছে করজোড়ে মিনতি করছি—দয়া করে দ্রুত আইনি পদক্ষেপ নিন। আমার নাবালিকা মেয়েকে সুস্থ অবস্থায় উদ্ধার করুন এবং এই অপহরণকারীদে গ্রেফতারের ব্যবস্থা করুন।

সংবাদ সম্মেলনে অপহৃত নাছরিনের বাবা মো. হিটলার, বড় ভাই মো. নাসিব হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং আধাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত স্থানীয় ব্যক্তিরাও নাবালিকা মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সময়ের আলো/জোই


  বিষয়:   নওগাঁয়  স্কুলছাত্রী  অপহরণ  মেয়ে  উদ্ধার  মা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: