রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভারত সফরের অংশ হিসেবে দিল্লিতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করে তিনি ঢাকায় ফেরেন।
সোমবার (১৫ মে) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ডা. জাহেদ উর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। গত ১২ জুন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা ছিল।
আরও পড়ুন
সূত্র অনুযায়ী, রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ডা. জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে তাকে নিয়ে সিদ্ধান্তহীনতা দেখা দেয়, তিনি ভারতে প্রবেশ করতে পারবেন কি না সে বিষয়ে কোনো স্পষ্টতা দেওয়া হয়নি।
এই পরিস্থিতিকে তিনি সম্মানজনক সফরের পরিপন্থী হিসেবে বিবেচনা করেন এবং নিজ উদ্যোগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তীতে তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানানো হলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। ব্যক্তিগত ও কূটনৈতিক সম্মানকে গুরুত্ব দিয়ে তিনি পাসপোর্ট ফেরত চেয়ে কলম্বোর উদ্দেশে রওনা দেন।
পরবর্তী সময়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি কলম্বো যান এবং সেখান থেকে সোমবার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। শেষ পর্যন্ত একই দিন বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকায় ফিরে আসেন।
এএডি/