‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অসচ্ছল, অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের সহায়তা এবং উদীয়মান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের ক্রীড়া ভাতা, শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা সহায়তা বাবদ মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ও ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে রাজস্ব বাজেট থেকে ১,৭৯৭ জন ক্রীড়াসেবীর জন্য ৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা ক্রীড়া ভাতা হিসেবে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিভাবান ও উদীয়মান ১,৪২৩ জন ক্রীড়া শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি।
এছাড়াও সিডমানির লভ্যাংশ থেকে অসচ্ছল ও অসুস্থ ৪২ জন ক্রীড়াসেবীকে চিকিৎসা ও আর্থিক সহায়তা বাবদ প্রদান করা হয়েছে ৩২ লাখ ৪০ হাজার টাকা। বরাদ্দকৃত এই অর্থ বিইএফটিএন পদ্ধতির মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসারদের উদ্দেশে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যেন প্রকৃত ক্রীড়াসেবীরাই এই ভাতার সুফল পান। যারা দীর্ঘসময় ধরে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করাই আমাদের লক্ষ্য।’
সাবেক খেলোয়াড়দের কল্যাণে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সকল ফেডারেশনের সহযোগিতায় অসচ্ছল সাবেক খেলোয়াড়দের একটি নির্ভুল তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদের স্থায়ীভাবে ভাতার আওতায় আনতে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে।
এছাড়া বিদ্যমান নীতিমালায় যুগোপযোগী পরিবর্তনের মাধ্যমে ক্রীড়াসেবী কল্যাণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সময়ের আলো/জেডি