বরিশালের বাবুগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার দুই বিএনপি নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির ওই দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিএনপিতে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান নেই দাবি করে তিনি আরও বলেছেন, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা, বলেও যোগ করেন তিনি।
এর আগে, সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে ড্রেজার (বালু উত্তোলন) ব্যবসায়ীর কাছে দাবীকৃত চাঁদার টাকা আনতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হন তারা। পরবর্তীতে লিখিত মুচলেকা দিয়ে ফিরে আসেন তারা।
তবে চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত জাকির মোল্লা বলেন, আমরা বালু ব্যবসায় অংশীদার হতে চেয়েছিলাম। তারা আমাদের ডেকে এনে চাঁদা দাবির মিথ্যে অভিযোগ তুলে ফাঁসিয়ে দিয়েছে।
সময়ের আলো/আতা