পটুয়াখালী সদর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের দিনমজুর মো. নুহ (২৬) এবং রাজমিস্ত্রি আশরাফ (৫০)। তারা দুজনেই পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চৌদ্দবুড়িয়া গ্রামের আফতার সিকদার বাড়ির একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে নামেন রাজমিস্ত্রি আশরাফ। দীর্ঘদিন বন্ধ থাকা ওই ট্যাংকে নামার পর বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাইরে থাকা অপর শ্রমিক নুহ ট্যাংকের ভেতরে নামেন। একপর্যায়ে দুজনেই ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসে অবশ হয়ে আটকা পড়েন।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে আসেন। তারা সেপটিক ট্যাংকের ওপরের কিছু অংশ ভেঙে ভেতরে ঢুকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন সেপটিক ট্যাংকটি বন্ধ থাকায় ভেতরে মিথেন ও কার্বন মনোক্সাইডের মতো মারাত্মক বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল, যার ফলেই এই প্রাণহানি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। নিহত আশরাফ বিবাহিত এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন। অন্যদিকে নিহত যুবক নুহ মাত্র কিছুদিন আগে বিয়ে করেছিলেন। দুই কর্মক্ষম মানুষকে হারিয়ে পরিবার দুটিতে এখন চলছে মাতম।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/জোই