আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে মুসলিমরা সংখ্যায় সংখ্যালঘু হলেও দেশটির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, প্রায় ৫ লাখ ৫ হাজার জনসংখ্যার এই দেশে মুসলমানের সংখ্যা প্রায় ৫ হাজার, যা মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
দেশটির মুসলিম জনগোষ্ঠীর বড় অংশই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ, বিশেষ করে সেনেগাল, গিনি-বিসাউ ও মালি থেকে আসা অভিবাসী। তারা মূলত রাজধানী প্রাইয়া এবং বন্দরনগরী মিনদেলোসহ বিভিন্ন শহরাঞ্চলে বসবাস করেন। ক্ষুদ্র ব্যবসা, খুচরা বাণিজ্য, নির্মাণশিল্প ও সেবাখাতে তাদের সক্রিয় অংশগ্রহণ স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
কেপ ভার্দেতে ইসলামের সূচনা
১৫শ শতকে পর্তুগিজ উপনিবেশ স্থাপনের সময় পশ্চিম আফ্রিকা থেকে আগত মুসলিম ব্যবসায়ী ও দাসদের মাধ্যমে কেপ ভার্দেতে ইসলামের আগমন ঘটে। ওলোফ, ফুলানি ও মান্দিঙ্কা সম্প্রদায়ের অনেক মুসলিমকে কৃষিকাজ ও গৃহস্থালি শ্রমে নিয়োজিত করা হয়েছিল।
তবে ঔপনিবেশিক শাসনামলে ক্যাথলিক খ্রিষ্টধর্মের প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলমানদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। অনেককে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় এবং ইসলামি আচার-অনুষ্ঠান পালনের সুযোগ সীমিত করে দেওয়া হয়। ফলে দীর্ঘ সময় ধরে দেশটিতে কোনো সংগঠিত ইসলামি প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।
স্বাধীনতার পর নতুন অধ্যায়
১৯৭৫ সালে স্বাধীনতা লাভের পর কেপ ভার্দের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। এর ফলে মুসলমানরা স্বাধীনভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ পান। পরবর্তী সময়ে অর্থনৈতিক উদারীকরণ এবং পর্যটন খাতের সম্প্রসারণের কারণে পশ্চিম আফ্রিকার মুসলিম অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পায়।
১৯৯০ সালে রাজধানী প্রাইয়ায় প্রথম সরকারি স্বীকৃত মসজিদ প্রতিষ্ঠিত হয়। পরে ধর্মীয় সংগঠন নিবন্ধনের সুযোগ সৃষ্টি হলে মুসলিম সংগঠনগুলোও আইনি স্বীকৃতি ও বিভিন্ন সুবিধা পেতে শুরু করে।
মুসলিমদের বসতি ও ধর্মীয় অবকাঠামো
বর্তমানে মুসলিমদের সবচেয়ে বড় বসতি রাজধানী প্রাইয়া এবং মিনদেলো শহরে। এছাড়া সাল ও বোয়া ভিস্তা দ্বীপেও উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম বসবাস করেন।
যদিও মুসলিমদের ধর্মীয় অবকাঠামো এখনো সীমিত, তবুও বিভিন্ন স্থানে ছোট ছোট নামাজকেন্দ্র ও ইবাদতখানা গড়ে উঠেছে। স্থানীয় মুসলিম নেতারা রাজধানীতে একটি কেন্দ্রীয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন, যদিও প্রশাসনিক জটিলতায় প্রকল্পগুলো এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
সংগঠন ও সামাজিক কর্মকাণ্ড
দেশটির মুসলিমদের অন্যতম প্রধান সংগঠন হলো কমুনিদাদে ইসলামিকা দে কাবো ভের্দে। পাশাপাশি নতুন মুসলিমদের সহায়তা, দাওয়াতি কার্যক্রম, জাকাত বিতরণ এবং সমাজসেবামূলক কাজ পরিচালনার জন্য আরও কয়েকটি সংগঠন সক্রিয় রয়েছে।
মুসলিম নেতারা নিয়মিতভাবে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার পক্ষে কাজ করছেন। ফলে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ সমাজের সঙ্গে মুসলিমদের সুসম্পর্ক বজায় রয়েছে।
উৎসব ও ধর্মীয় জীবন
রমজান, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দেশটির মুসলিম সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ঈদের নামাজে শত শত মুসল্লি অংশ নেন এবং দরিদ্রদের মধ্যে খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়া মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
চ্যালেঞ্জ ও সম্ভাবনা
ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি থাকলেও অভিবাসী মুসলমানদের অনেকেই বৈধ কাগজপত্র, আবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত কিছু সমস্যার মুখোমুখি হন। জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং পর্যটননির্ভর অর্থনীতির ওঠানামাও তাদের জীবনে প্রভাব ফেলে।
তবে ইতিবাচক দিক হলো, কেপ ভার্দেতে ধর্মীয় উগ্রবাদ বা চরমপন্থার কোনো উল্লেখযোগ্য নজির নেই। দেশটি আফ্রিকার অন্যতম শান্তিপূর্ণ ও ধর্মীয় সহনশীল রাষ্ট্র হিসেবে পরিচিত।
অর্থনীতি ও সংস্কৃতিতে মুসলমানদের অবদান
সংখ্যায় কম হলেও মুসলমানরা কেপ ভার্দের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নির্মাণশিল্প, হোটেল ও পর্যটনসেবা, ক্ষুদ্র ব্যবসা এবং হস্তশিল্প খাতে তাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। একই সঙ্গে পশ্চিম আফ্রিকার খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যও তারা কেপ ভার্দের সমাজে পরিচিত করে তুলেছেন।
সব মিলিয়ে, আটলান্টিক মহাসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে মুসলিমরা কেবল একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নয়; বরং অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সময়ের আলো/ইউএমএইচ