বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসব রোববার (২১ জুন) থেকে শুরু হয়ে চলবে আগামী সোমবার (২২ জুন) পর্যন্ত।
সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এই ‘সংগীত উৎসব ২০২৬’ সুর, সংস্কৃতি ও শিল্পের মিলনে এক অনন্য পরিবেশ তৈরি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
উৎসবের প্রথম দিন রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে মূল ‘সংগীত সন্ধ্যা’।
উদ্বোধনী দিনে দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পীরা মঞ্চে সংগীত পরিবেশন করবেন। তালিকায় রয়েছেন জনপ্রিয় শিল্পী আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মন্ডল এবং আলিফ আলাউদ্দিনসহ আরও অনেক স্বনামধন্য সংগীতশিল্পী।
আরও পড়ুন
আয়োজনে আন্তর্জাতিক রঙ যোগ করতে চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীরাও প্রথম দিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনিরের।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
আয়োজকদের মতে, এই উৎসব শুধু সংগীত পরিবেশনার মঞ্চ নয়, বরং এটি দেশি-বিদেশি শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এএডি/