‘জুয়া খেললে স্ত্রী হবেন মা, বাবা হবেন ভাই’, ইউপি সদস্যের ভিডিও ভাইরাল

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

‘ভবিষ্যতে আর জুয়া খেললে, নিজের স্ত্রী হয়ে যাবেন মা, আর আপন বাবা হয়ে যাবেন ভাই’, কোনো সিনেমার সংলাপ নয়, একেবারে

2026-06-21T22:42:52+00:00
2026-06-21T22:42:52+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
‘জুয়া খেললে স্ত্রী হবেন মা, বাবা হবেন ভাই’, ইউপি সদস্যের ভিডিও ভাইরাল
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৪২ পিএম 
মেম্বার জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত
‘ভবিষ্যতে আর জুয়া খেললে, নিজের স্ত্রী হয়ে যাবেন মা, আর আপন বাবা হয়ে যাবেন ভাই’, কোনো সিনেমার সংলাপ নয়, একেবারে বাস্তব ঘটনা। আইন নিজের হাতে তুলে নিয়ে এমনই এক অদ্ভুত ও হাস্যকর সালিশি রায় দিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন।

গত ১৯ জুন শুক্রবার গভীর রাতে মেম্বারের নিজের বাড়িতেই বসে এই জুয়াড়িদের অভিনব ও বিতর্কিত বিচারের আসর। সম্প্রতি সেই সালিশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আটক হওয়া এক জুয়াড়িকে তার স্ত্রীর হাতে সোপর্দ করার সময় মেম্বার জসিম উদ্দিন একটি অদ্ভুত শর্তে চাপ সৃষ্টি করেন। মেম্বারের চাপে পড়ে ওই জুয়াড়ি উপস্থিত সবার সামনে স্বীকার করতে বাধ্য হন যে, ভবিষ্যতে আর জুয়া খেললে তার স্ত্রী তার মা হয়ে যাবেন। নাটকীয়তার এখানেই শেষ নয়। আরেক জুয়াড়ি যুবককে তার বাবার হাতে তুলে দেওয়ার সময় মেম্বারকে বলতে শোনা যায়, ওই যুবক ভবিষ্যতে জুয়া খেললে তার ‘বাবা হবেন ভাই’ । চাপের মুখে সেই যুবকও বাবার সামনে দাঁড়িয়ে বাবাকে ‘ভাই’ ডাকার অদ্ভুত শর্ত মেনে নিয়ে শপথ করেন।

স্থানীয়দের অভিযোগ, কেবল এই অদ্ভুত শপথই নয়, এই সালিশের আড়ালে মূলত বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। জুয়াড়িদের ধরে আনার পারিশ্রমিক হিসেবে ৪০ হাজার এবং মোবাইল ফোন খরচ বাবদ ১০ হাজার মোট ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন ওই ইউপি সদস্য।


এলাকাবাসীর দাবি, আটকদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য গাঁজা উদ্ধার করা হলেও ইউপি সদস্য জসিম উদ্দিন পুলিশকে খবর দেননি। উল্টো আইন নিজের হাতে তুলে নিয়ে মোটা অঙ্কের জরিমানা পকেটে পুরে অভিযুক্তদের ছেড়ে দেন তিনি। একজন জনপ্রতিনিধির এমন আইনবহির্ভূত ও হাস্যকর কর্মকাণ্ড নিয়ে এখন নানা প্রশ্ন উঠে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, স্থানীয় এবং দলীয় কয়েকজন যুবক জুয়াড়িদের আটক করে আমাকে খবর দিয়েছিল। পরে আমি বিষয়টা নিয়ে বসেছি এবং অভিযুক্তদের ছেড়ে দিয়েছি। তবে যারা জুয়াড়িদের আটক করেছিল, তাদের দুটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ৪০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পরে বিষয়টি থানাকেও জানানো হয়েছে।

তবে ‘স্ত্রীকে মা’ ও ‘বাবাকে ভাই’ বানানোর অদ্ভুত শপথের বিষয়টি তিনি স্বীকার করতে রাজি হননি।

এ বিষয়ে কমলনগর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, জুয়ারিদের আটক করে কোনো জনপ্রতিনিধির বিচার এবং জরিমানা করার আইনি কোনো এক্তিয়ার নেই। এই বিষয়ে সংক্ষুব্ধ এবং ভুক্তভোগী কেউ যদি ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   জুয়া খেললে  স্ত্রী  মা  বাবা  ভাই  ইউপি সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: