নীল ঝড়ের সামনে মরুর যোদ্ধারা

ক্রীড়া ডেস্ক

খেলা

একদিকে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় ও প্রথম পয়েন্টের খোঁজে থাকা ইরাক। ফিলাডেলফিয়ায় মুখোমুখি ২০১৮ রাশিয়া

2026-06-22T03:55:10+00:00
2026-06-22T03:55:10+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
নীল ঝড়ের সামনে মরুর যোদ্ধারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৫৫ এএম 
নরওয়ে-এর সঙ্গে ইরাক। সংগৃহীত ছবি
একদিকে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় ও প্রথম পয়েন্টের খোঁজে থাকা ইরাক। ফিলাডেলফিয়ায় মুখোমুখি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স আর নিজেদের হারিয়ে খোঁজা ইরাক। 

কাগজে-কলমে এটি অসম লড়াই হলেও বিশ্বকাপের ইতিহাস বারবার দেখিয়েছে- বড় মঞ্চে অঘটন ঘটতেই পারে।

ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। কিলিয়ান এমবাপে, ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, মার্কুস থুরাম কিংবা দেজিরে দুয়ের মতো তারকাদের নিয়ে গড়া এই দল যেকোনো প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দিতে সক্ষম। শুধু তারকানির্ভরতা নয়, মাঝমাঠে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় এবং বেঞ্চের গভীরতাও ফরাসিদের অন্যতম বড় শক্তি।

বিশ্বকাপ অভিযানও দারুণভাবে শুরু করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে লে ব্লুরা। ম্যাচে গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে ও ব্র্যাডলি বারকোলা। এমবাপের গোলটি ছিল ঐতিহাসিক, কারণ এর মাধ্যমে তিনি ফ্রান্সের পুরুষ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। একই সঙ্গে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের করে নেন এই তারকা ফরোয়ার্ড। 

অন্যদিকে বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতো কেটেছে ইরাকের। প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে গ্রাহাম আর্নল্ডের দল। আয়মান হুসেইনের গোলে একসময় সমতায় ফিরেছিল ইরাক কিন্তু শেষ ২০ মিনিটে তিন গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ফিফা র‌্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্য বিশাল। ফ্রান্স বর্তমানে বিশ্বের তিন নম্বর দল, অন্যদিকে ইরাক রয়েছে ৫৭তম স্থানে। র‌্যাঙ্কিংয়ের এই ব্যবধানই দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট করে দেয়।

ইতিহাসও কথা বলছে ফ্রান্সের পক্ষেই। বিশ্বকাপে এটি দুই দলের প্রথম সাক্ষাৎ। ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে আর ২০০৬ ও ২০২২ সালে হয়েছে রানার্সআপ। গত তিন আসরে তারা দুবার ফাইনাল খেলেছে, যা তাদের ধারাবাহিকতার প্রমাণ।

অন্যদিকে ইরাকের বিশ্বকাপ ইতিহাস খুবই সীমিত। ১৯৮৬ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলছে তারা। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে কোনো ম্যাচ জিততে পারেনি, এমনকি কোনো পয়েন্টও অর্জন করতে পারেনি। তাই ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই।


তবে ইরাকের কিছু ইতিবাচক দিকও রয়েছে। দলটি লড়াকু মানসিকতার জন্য পরিচিত এবং শেষ ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই গোল করতে সক্ষম হয়েছে। আয়মান হুসেইন ও আলি জাসিমের মতো ফুটবলাররা সুযোগ পেলে যেকোনো প্রতিপক্ষকে চমকে দিতে পারেন।

নজর থাকবে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপের দিকে। প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। তার গতি, ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিং ইরাকের রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় হুমকি। তরুণ উইঙ্গার ব্র্যাডলি বারকোলাও সেনেগালের বিপক্ষে দুর্দান্ত গোল করে নিজের সামর্থ্যরে জানান দিয়েছেন।

ইরাকের হয়ে ভরসার নাম আয়মান হুসেইন। নরওয়ের বিপক্ষে গোল করে তিনি দেখিয়েছেন- সুযোগ পেলে বড় মঞ্চেও নিজেকে মেলে ধরতে পারেন। আর তরুণ উইঙ্গার আলি জাসিমের গতি ও সৃজনশীলতা পাল্টা আক্রমণে ইরাকের বড় অস্ত্র হতে পারে। 

ম্যাচের সম্ভাব্য চিত্র বলছে, ফ্রান্স শুরু থেকেই বলের দখল নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলবে। অন্যদিকে ইরাক রক্ষণাত্মক কৌশল নিয়ে কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করবে। তবে সামগ্রিক শক্তি, অভিজ্ঞতা এবং তারকাদের বিচারে ফ্রান্সই বড় ফেভারিট। আরেকটি জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে এমবাপের দল।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   নীল ঝড়  মরুর যোদ্ধা  ফ্রান্স  ইরাক  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: