ফেনীর ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য ডাকাতি করতে গিয়ে গৃহবধূকে খুন করেছেন আরিফুর রহমান নামে এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে র্যাব।
সোমবার (২৯ জুন) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান।
গ্রেফতারকৃত আরিফ ফুলগাজী উপজেলার বাসিন্দা ও পেশায় সিএনজিচালক। নিহত কাজল আক্তার (৩০) একই উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আরিফের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। তবে, মাঝেমধ্যে মাদককারবার করতেন। তিনি স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেখানে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করতে হতো তাকে। ঋণের টাকা পরিশোধ করতে দুঃসম্পর্কের কুয়েত প্রবাসী মামার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে গিয়েছিলেন আরিফ। ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করলে মামি কাজল আক্তার বুঝতে পারেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়। এরপর লোকজন ফজরের নামাজ পড়তে বের হলে কাজলের গোঙানির শব্দ শুনে বাড়িতে ঢুকলে- আরিফ পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।’
এ সময় র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ছায়া তদন্তে কাজ শুরু করে ও সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরমধ্যে আরিফের নাকের নিচে ও হাতে আঁচড় দেখে তাকে সন্দেহ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি।’
সময়ের আলো/মহু