ভারত থেকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সত্যিই যদি সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের আইনি বিচার মোকাবিলা করুন।’
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, জুলাই গণ-অভ্যুত্থান ও হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসে পৌঁছেছে। বর্তমানে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বের সাথে সেগুলো যাচাই-বাছাই করছেন।
আইনি প্রক্রিয়া প্রসঙ্গে তিনি আরও জানান, জমা পড়া এই মামলাগুলোতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ বিদায়ী প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, রোববার (২৮ জুন) ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার সুনির্দিষ্ট প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিগত প্রায় দুই বছর ধরে তিনি দিল্লির নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।
সময়ের আলো/জেডি