আলাদা পুলিশ ফোর্স চান ইউএনওরা

সাব্বির আহমেদ

জাতীয়

প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সম্মেলন। যেখানে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি-দাওয়া, মাঠ

2026-11-28T00:23:18+00:00
2026-11-28T00:23:18+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
আলাদা পুলিশ ফোর্স চান ইউএনওরা
সাব্বির আহমেদ
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২৩ এএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সম্মেলন। যেখানে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি-দাওয়া, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন ইউএনওরা। তাদের মূল দাবি— ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনায় তারা ডেডিকেটেড পুলিশ ফোর্স চান— যে ফোর্স শুধু মোবাইল কোর্ট পরিচালনার কাজে নিয়োজিত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট যখনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, তখনই তারা পুলিশের সহযোগিতা পাবেন। এ ছাড়া নিজেদের অধীনে কারিগরি জ্ঞানসম্পন্ন একজন প্রকৌশলী চান উপজেলা নির্বাহী কর্মকর্তারা। নিজেদের পেশাগত মান বৃদ্ধি করতে বিদেশে প্রশিক্ষণসহ সার্ভিসের জন্য নানা সুযোগ-সুবিধা চান ইউএনওরা। মাঠ পর্যায়ে কাজের সুবিধার্থে মফস্বলে সাংবাদিকদের নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। 

আগামী ১ ডিসেম্বর দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে মাঠ পর্যায়ের বাস্তবতা থেকে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা লিখিতভাবে ডিসির মাধ্যমে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। 
এ নিয়ে কয়েকজন ইউএনওর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। 

সময়ের আলোকে তারা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কাছে বেশ কয়েক দিন আগে চিঠি দিয়ে মতামত চাওয়া হয়েছে। ইতিমধ্যে তারা প্রস্তাবনা জমাও দিয়েছেন।

ঢাকা জেলার একজন ইউএনও তার প্রস্তাবনায় উল্লেখ করেছেন, উপজেলা পরিষদে ন্যস্তকৃত বিভাগগুলোর ও উপজেলা পর্যায়ে সব উন্নয়নমূলক কাজের তদারকি ও গুণগত মান নিশ্চিতের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের অধীনে কারিগরি জ্ঞানসম্পন্ন একজন প্রকৌশলীর পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া উপজেলা পর্যায়ে সব উন্নয়নমূলক কাজের সমাপ্তিঅন্তে ওই কারিগরি জ্ঞানসম্পন্ন প্রকৌশলীর মাধ্যম হয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে। 

এতে করে উন্নয়নমূলক সব কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে। ঢাকার বাইরে কর্মরত একজন ইউএনও বলেন, মোবাইল কোর্ট পরিচালনার জন্য তারা সরকারের কাছে আলাদা পুলিশ চান। যেখানে এই পুলিশ সদস্যরা শুধুই নিয়োজিত থাকবেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য। এ ছাড়া আমাদের চাওয়া স্থানীয় সরকারে যাতে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ না করে সরকার। তা হলে কাজ করতে সহজ হবে।

বিদেশে প্রশিক্ষণ : মিড ক্যারিয়ার ট্রেনিং চালু করা উচিত বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। দেশের ভেতরে বা বিদেশে (সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ায় করা গেলে আরও ভালো) প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে কর্মকর্তাদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটবে।

জরুরি সহায়তা তহবিল গঠন : আরেকজন ইউএনও জরুরি সহায়তা তহবিল গঠনের প্রস্তাবনা দিয়েছেন। সেখানে উল্লেখ আছে, উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, অসহায় জনগোষ্ঠী, জরুরি চিকিৎসা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহায়তাপ্রত্যাশী ব্যক্তি-প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রত্যেক উপজেলায় একটি ‘জরুরি সহায়তা তহবিল’ গঠন করা যেতে পারে। যা সরকারি বিশেষ থোক বরাদ্দের মাধ্যমে সৃষ্টি হতে পারে অথবা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ওই ফান্ডের ব্যয় নির্বাহ হতে পারে। ফান্ড থেকে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে এবং সরকার ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে প্রান্তিক পর্যায়ে ইতিবাচক মনোভাব তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রতিনিধিদের জন্য ‘স্থানীয় সরকার অ্যাওয়ার্ড’ প্রবর্তন : ইউএনওরা মনে করেন, স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালনরত জনপ্রতিনিধিদের মাঝে দক্ষতা, যোগ্যতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কৃতিত্বধারীদের অধিকতর উৎসাহিত করার জন্য বিশেষ মূল্যায়নের মাধ্যমে ‘স্থানীয় সরকার অ্যাওয়ার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এই পুরস্কার প্রবর্তনের মাধ্যমে জনপ্রতিনিধিদের মাঝে জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং জনগণ সুফল পাবে। এ ছাড়া বিশ্ব পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রতি উপজেলায় বন বিভাগের মাধ্যমে বৃক্ষের চারা উৎপাদন এবং পরিচর্যার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করা যেতে পারে।

বেতন-ভাতাদি স্থায়ী রাজস্ব কোড থেকে নির্বাহকরণ : একজন ইউএনও তার প্রস্তাবনায় উল্লেখ করেন, দেশের সব উপজেলা পরিষদের স্থায়ী ও রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা বর্তমানে সরকারের সাহায্য মঞ্জুরি খাত থেকে নির্বাহ করা হচ্ছে। কর্মচারীদের বেতন-ভাতা ও অন্য সব প্রাপ্য নিয়মিতভাবে স্থায়ী রাজস্ব খাত থেকে নির্বাহকরণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এতে উপজেলা পরিষদ কর্মচারীগণের মাঝে কাজের কর্মস্পৃহা ও কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সাহায্য মঞ্জুরি খাতের ওপর নির্ভরতা কমিয়ে স্থায়ী রাজস্ব কোড থেকে বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও স্থায়িত্ব সুদৃঢ় হবে।

মফস্বলে সাংবাদিকতার নীতিমালা : মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অপতথ্য, মিথ্যা তথ্য ও ভুল তথ্য প্রচারের সম্মুখীন হচ্ছেন বলে জানান ইউএনওরা। তাদের দাবি, একটি নীতিমালা জরুরি ভিত্তিতে প্রণয়ন করা দরকার। অপতথ্য, মিথ্যা তথ্য ও ভুল তথ্য প্রচারের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা প্রয়োজন। এতে গণমাধ্যমের দায়বদ্ধতা নিশ্চিত হবে এবং মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে বিভ্রান্তি কমবে বলে মনে করেন তারা। এ ছাড়া উপজেরা প্রশাসনের মাধ্যমে দেওয়ানি আদালতের মামলা নিষ্পত্তি করার সুযোগ চান ইউএনওরা। ঢাকার লাগোয়া কেরানীগঞ্জ উপজেলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অফিস স্থাপনের দাবিও জানান ইউএনও।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলা বা ‘মুক্ত আলোচনা’র সুযোগ পাবেন ইউএনওরা। অনুষ্ঠানে দেশসেরা ২০ জনের হাতে ‘শ্রেষ্ঠ ইউএনও’র পুরস্কার তুলে দেবেন সরকারপ্রধান। মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাকে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা ও কৃষক কার্ডসহ ক্ষমতাসীন দলের নির্বাচনি প্রতিশ্রুতি ও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভয়ে কাজ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। ১ ডিসেম্বর সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। 

অনুষ্ঠানে দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেবেন। সম্মেলনে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণসহ সরকারের অগ্রাধিকার প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য আলাদা কর্ম অধিবেশন হবে। এ জন্য স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, বন, পরিবেশ ও জলবায়ু, ভূমি, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের সরাসরি নির্দেশনা দেবেন।

সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব কর্ম অধিবেশনে উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ স্থানীয় প্রশাসনের নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

একজন বিভাগীয় কমিশনার জানান, অনুষ্ঠানে সারা দেশের ২০ জন ইউএনওকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। ঢাকা বিভাগ থেকে ৪, চট্টগ্রাম বিভাগ থেকে ৪ এবং বাকি ছয় বিভাগ থেকে ২ জন করে ২০ জনকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় প্রতি বিভাগ থেকে দুজন ইউএনও নানা বিষয়ে প্রশ্ন করা বা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সেশন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এ প্রসঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মনিরুজ্জামান মিয়া বলেন, সরকারের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে মাঠ পর্যায়ের কাজে গতি আসবে। স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চত করা যাবে। ইউএনওরা সরাসরি সরকারের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন। এতে মাঠ পর্যায়ে কাজের অনেক জট খুলতে পারে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   আলাদা পুলিশ ফোর্স  ইউএনও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: