
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতদেশে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। একই সঙ্গে দুর্নীতি মধ্যম মাত্রায় নিয়ন্ত্রণ করা গেলেও দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়। দুর্নীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও অনেকে ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এ অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
দুর্নীতি নিয়ন্ত্রণের চারটি পূর্বশর্ত তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রথমত, এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাষ্ট্রক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব যাদের হাতে, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে।
দ্বিতীয়ত, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ভয়ভীতি বা করুণার ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা না করে আইনের দৃষ্টিতে সবাইকে সমানভাবে দেখতে হবে।
তৃতীয়ত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সক্ষমতাও থাকতে হবে।
চতুর্থত, সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে এ বিষয়ে তাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষ তথা সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী চাহিদা তৈরি করা জরুরি। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এ আন্দোলন জোরদারে কাজ করছে টিআইবি।
বিতর্কের মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সম্মান এবং যুক্তির মাধ্যমে দ্বিমত খণ্ডনের চর্চা গুরুত্বপূর্ণ। শুধু প্রতিযোগিতায় নয়, ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই এসব মূল্যবোধের প্রয়োজন রয়েছে।
টিআইবি জানিয়েছে, এবার চতুর্থবারের মতো তিন দিনব্যাপী আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিতর্ক দল অংশ নিচ্ছে।
সময়ের আলো/জেডি