প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি । ছবি : সংগৃহীত
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি । ছবি : সংগৃহীতরাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। এখন মেলায় মাত্র ১০০ টাকা খরচ করে সেই পাখির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান এবং ম্যাকাও পাখিটির সঙ্গেও ছবি তোলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির সঙ্গে ছবি তুলতে নির্দিষ্ট স্টলের সামনে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেউ পাখিটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেই মুহূর্ত ভিডিও করে রাখছেন।
ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি শপ। আয়োজকদের ভাষ্য, প্রদর্শনীতে সাধারণত ম্যাকাওসহ বিভিন্ন জাতের পাখি রাখা হয়। এসব পাখির সঙ্গে ছবি তুলতে অন্যান্য প্রদর্শনীতেও নির্ধারিত টোকেন মূল্য নেওয়া হয়। এখানেও একই নিয়মে ১০০ টাকা পরিশোধ করে পাখির সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা।
তিন দিনব্যাপী এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়াল ছাড়াও রয়েছে নানা প্রজাতির পাখি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ অন্য সব আয়োজনকে ছাড়িয়ে গেছে। ফলে মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে পাখিটির স্টল।
সময়ের আলো/এসকে