জাপানের সঙ্গে চুক্তি সোমবার, দরজা খুলছে থার্ড টার্মিনালের

জাতীয়

দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর ক্ষেত্রে। এটি পরিচালনার দায়িত্ব দিতে জাপান

2026-11-27T21:02:51+00:00
2026-11-27T21:02:51+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
জাপানের সঙ্গে চুক্তি সোমবার, দরজা খুলছে থার্ড টার্মিনালের
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি : সংগৃহীত
দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর ক্ষেত্রে। এটি পরিচালনার দায়িত্ব দিতে জাপান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হবে। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধন করা হবে। 

বেবিচক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও দরকষাকষি চলছিল। শেষ পর্যন্ত চুক্তির বিষয়ে সমঝোতা হওয়ায় টার্মিনালটি চালুর পথ খুলেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি অগ্রাধিকার দিয়ে দ্রুত চালুর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখে উদ্বোধনের পরিকল্পনা করা হয়।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত জানাতে আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদরদফতরের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করা হবে। এতে বক্তব্য দেবেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ।

এর আগে গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। তবে চুক্তির কয়েকটি শর্ত নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল। বিশেষ করে নতুন টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর নতুন কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয়।

এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও প্রশ্ন ওঠে। কমিটির সদস্যরা জানতে চান, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত আগের দুটি টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার উদাহরণও আলোচনায় আসে। রাষ্ট্রীয় অর্থে নির্মিত অবকাঠামো ব্যবহারের সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা থেকে এ আপত্তি তৈরি হয়।


চুক্তির রাজস্ব বণ্টন ও আর্থিক শর্ত নিয়েও আলোচনা হয়েছে। প্রাথমিক কাঠামোগত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাওয়ার কথা। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব নিয়ে আপত্তি ওঠে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল ও অর্থ পরিশোধের পদ্ধতি নিয়েও ভিন্ন শর্তের বিষয়টি আলোচনায় আসে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জাপান  চুক্তি  সোমবার  থার্ড টার্মিনাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: